কুষ্টিয়া: কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সংঘর্ষের সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুইজন নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের স্বামী ও অটোরিকশাচালক বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম নিশ্চিত করেন, গুরুতর আহত দুই নারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া, হাইওয়ে পুলিশ আরও তিনজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ লরি ও অটোরিকশা জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।