সাতক্ষীরা: জেলার কলারোয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতারা।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা ফুল দেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যরা ওই পুষ্পমাল্য অপর্ণ করেন।

বিষয়টি ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম হোসেন নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন-দীর্ঘ ঊনিশ মাস গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
একইসঙ্গে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির সাধারণ নেতাকর্মীর মাঝে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, বিএনপি সরকার ক্ষমতা নিয়েছে এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে আ.লীগের পুনর্বাসন ‘খাল কেটে কুমির আনা’ ছাড়া কিছুই নয়। আ.লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, হামলা, মামলাসহ নেতিবাচক সকল কর্মকাণ্ড এতো দ্রুত ভুলে যাওয়া সমীচীন নয়।