শরীয়তপুর: জেলার নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের সাত্তার বেপারীর ছেলে চাঁদাবাজির মূলহোতা সোহাগ বেপারী (৩৮), কানারগাঁও গ্রামের মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। বিষয়টি নজরে আসার পর রাতভর পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালায় নড়িয়া থানা পুলিশ। অভিযানকালে ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ বেপারীকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছেন।
নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত বলেন, আটকদের বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।