Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ৫ মণ নকল ঘি জব্দ, মালিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১

রংপুর: রংপুরে ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদনের একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কারখানার মালিক মাইদুল ইসলাম (৩০)কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা উপজেলার দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নকল ঘি ছাড়াও বিপুল পরিমাণ খালি কৌটা, মোড়কজাত করার সরঞ্জাম, সিলিং মেশিন ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, মাইদুল ইসলাম প্রায় ৬ মাস আগে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে গোপনে কারখানা স্থাপন করেন। তিনি দুগ্ধজাত কোনো উপাদান ছাড়াই ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ‘সিটি ঘি’ নামে নকল ঘি তৈরি করতেন। পরে তা রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। পবিত্র রমজান ও ঈদকে ঘিরে উৎপাদন বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইদুল স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি ভেজাল ঘি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ কাজে অন্য কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। নকল ঘি মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’

তিনি জানান, আটক মাইদুলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ ধরনের অপরাধের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর