কুমিল্লা: নগর উন্নয়নে শৃঙ্খলতা ফিরিয়ে আনতে ভবন নির্মাণে আইন-শৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে কোনোভাবেই আইন অমান্য করে উঁচু ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ সতর্কবার্তা দেন।
জাকারিয়া তাহের বলেন, ‘অতীতে নিয়ম ভেঙে যারা উচ্চ ভবন নির্মাণ করেছেন, সেসব ভবন এখন ভাঙা হয়তো বাস্তবসম্মত নয়। তবে অবৈধ নির্মাণ মালিকদের আর্থিক জরিমানা করা যেতে পারে। কিন্তু আগামীর শহর উন্নয়নে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে কাজ করতে হবে।’
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জানান, শহরের ভেতরে কারাগার থাকা নাগরিক সেবায় বাধা সৃষ্টি করে। এ বিষয়ে কুমিল্লাবাসীর মতের সঙ্গে সরকার একমত। কারাগারটি শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে সরকার ইতিবাচক আছে বলেও জানান তিনি।
নগরের ক্রমবর্ধমান যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাকারিয়া তাহের । কুমিল্লাকে একটি আধুনিক ও সহজগম্য শহর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘যানজট কমাতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নগরের সড়ক-সুবিধা, বাস টার্মিনাল ও ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নয়ন আনা হবে।’
সভায় উপস্থিত কর্মকর্তারা নগর উন্নয়ন, ভবন নির্মাণ অনুমোদন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে প্রস্তাবনা তুলে ধরেন। মন্ত্রী এসব প্রস্তাব বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।