Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬

নিহত শিশু খালেদ বিন ওয়ালিদ।

কক্সবাজার: মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে গাড়িবহর নিয়ে মহেশখালীর দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের আহমদ কবিরের ঘাটা এলাকায় বহরের একটি গাড়ির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেচ্ছাপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহ ও সুমাইয়া জান্নাতের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর