Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান জিহাদী।

কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলায় বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান জিহাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতা হাসান জিহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হাসান জিহাদী ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেন। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকেরা। তাদের দাবি, গত সপ্তাহে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে হাসান জিহাদী আপত্তি জানালে শহিদুল ইসলাম ও তার লোকজন হামলা চালায়। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা।

রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম বাদী হয়ে হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা করেন। রোববার হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর