Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও ঝুলছে নির্বাচনি পোস্টার, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৬

কুমিল্লায় এখনও ঝুলছে নির্বাচনি পোস্টার।

কুমিল্লা: নির্বাচনি আমেজ কেটে যাওয়ার পরও কুমিল্লা নগরজুড়ে এখনও ঝুলে আছে বিভিন্ন প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও বিশাল আকৃতির নির্বাচনি গেইট। পথঘাট ও ফুটপাতজুড়ে ঝুলে থাকা এসব প্রচারসামগ্রীর কারণে যে কোনো সময় ঘটাতে পারে দুর্ঘটনা।

নাগরিকদের অভিযোগ, নির্বাচনের পরপরই এসব সামগ্রী অপসারণের কথা থাকলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। অনেকেই মনে করছেন, সিটি করপোরেশন অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কান্দিরপাড় এলাকার বাসিন্দা শাহরিয়ার আহম্মেদ সোহান বলেন, ‘শহরে এমনিতেই ফুটপাত নেই, যতটুকু আছে তাও হকারদের দখলে। এর ওপর নির্বাচনের গেইট ফুটপাত আটকে রেখেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের চলাচল আরও কষ্টকর হয়ে উঠবে। সিটি কর্পোরেশনের উচিত ছিল নির্বাচনের পরপরই এগুলো সরিয়ে ফেলা।’

বিজ্ঞাপন

একই অভিযোগ তুলে মোগলটুলি এলাকার বাসিন্দা ফারহা এমদাদ বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান কাজই হচ্ছে নগরকে বাসযোগ্য রাখা। কিন্তু দু:দুঃখজনক হলেও সত্য, কুমিল্লা সিটি করপোরেশন এ বিষয়ে অনেক পিছিয়ে আছে। আমরা নগরবাসী হিসেবে একটি পরিচ্ছন্ন ও সুসংগঠিত শহর আশা করব এটাই স্বাভাবিক।’

সুশীল নগরবসীর মতে, নির্বাচন শেষে এসব ব্যানার–ফেস্টুন দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন ছিল। কিন্তু কেন সেটা করা হচ্ছে না, তা তাদের জানা নেই। এতে নগরীর সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের দফতর সম্পাদক ও গাজী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী বলেন, ‘আমরা নগরবাসীরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সেবার মান না বাড়লেও বছরের পর বছর ট্যাক্স বাড়ছে। শহরে ধুলাবালি, জলাবদ্ধতা, সড়কের ভগ্নদশা—কোনো সমস্যারই বাস্তবসম্মত সমাধান নেই। নির্বাচনি আবর্জনা সরাতে এমন উদাসীনতা অস্বাভাবিক নয়।’

স্থানীয়রা মনে করছেন, নগরীর প্রধান সড়কগুলোতে যেসব বিশাল গেইট, ব্যানার ও ফেস্টুন ঝুলে আছে, সেগুলো বাতাসে দুলে বা ভেঙে পড়ে সহজেই দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা বেশি ঝুঁকির মধ্যে আছে।

নগরবাসীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে এসব প্রচারসামগ্রী সরিয়ে শহরকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো নির্বাচন বা উৎসব শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে এমন সামগ্রী অপসারণ বাধ্যতামূলক করারও আহ্বান জানান তারা।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলমের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭

আরো

সম্পর্কিত খবর