রংপুর: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর বিভাগীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়সহ সরকার কাজ করছে। আমরা আশা করি, কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমেই তিস্তা শাসন, খনন ও পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।‘
এ ছাড়া, রংপুর বিভাগ নিয়ে বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অন্যান্য জেলার মতো উত্তরাঞ্চলের জন্যও সমহারে বাজেট করা হবে। ভবিষ্যতে যেন বৈষম্য না হয়, সেদিকেও অবশ্যই খেয়াল রাখা হবে।’
উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর এই দাবি আরও জোরালো হয়েছে। সরকার গঠনের পর পানি সম্পদ মন্ত্রণালয় একটি সমন্বিত প্রকল্পের খসড়া তৈরির কাজ শুরু করেছে, যাতে তিস্তা নদীর পানি বণ্টন, ভাঙন রোধ, খনন ও সেচব্যবস্থা অন্তর্ভুক্ত।
মন্ত্রী তিস্তাপাড়ের মানুষ হওয়ায় এই প্রকল্পকে ব্যক্তিগতভাবে গুরুত্ব দিচ্ছেন বলেও জানিয়েছেন।