বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সাব মেশিনগান (এসএমজি), ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগজিন, ১২৩ রাউন্ড গুলি উদ্ধার করা নিরাপত্তাবাহিনীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।