রাজবাড়ী: ফেরি নষ্ট হওয়ার কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও পণ্যবাহী পরিবহণ চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ধাওয়াপাড়া ফেরিঘাটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম।
জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটের দুইপাশে অন্তত ৫০টির বেশি যানবাহন আটকা পড়েছে। ফেরি বন্ধ থাকায় ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে পদ্মা নদী পার হচ্ছে মানুষ।
ঘাট সূত্রে জানা গেছে, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ রুটে চলাচলকারী দুইটি ফেরির একটির যান্ত্রিক ত্রুটি আগে থেকেই ছিল। সোমবার রাতে অপর ফেরিটিরও ইঞ্জিন বিকল হয়ে পড়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় পারাপার। বিকল্প কোনো ফেরি না থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।
ঘাটে আটকে থাকা ট্রাকচালক মো. আব্দুল হান্নান বলেন, ‘গতকাল সন্ধ্যায় ট্রাক নিয়ে ঘাটে এসেছি। এখনো পার হতে পারিনি। আমার গাড়িতে কাঁচামাল রয়েছে। সময়মতো পার হতে না পারলে সেসব নষ্ট হয়ে যাবে, এতে বড় ধরনের লোকসান গুনতে হবে।’
মন্টু নামের একজন চালক অভিযোগ করে বলেন, ‘আমি প্রায় প্রতিদিন এই ঘাট ব্যবহার করি। কিন্তু প্রায়ই ফেরি সংকটে পড়তে হয়। কখনো ফেরি কম থাকে, কখনো নষ্ট হয়ে যায়। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারি না। এই ঘাটে আধুনিক ও নির্ভরযোগ্য ফেরি প্রয়োজন।’
ধাওয়াপাড়া ফেরিঘাটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেন, ‘এই রুটে দুইটি ফেরি চলাচল করে—একটি করবী ও আরেকটি কপোতী। ফেরির মেরামতকাজ শুরু হয়েছে। মেরামত সম্পন্ন হলেই পারাপার স্বাভাবিক করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঘাটে ফেরি সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’