বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রমানাথ পূজারীকে এই আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।
বাংলাদেশে আসার পূর্বে তিনি ভারত সরকার নিয়ন্ত্রিত জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড কাজ করেছেন।
আনোয়ারুল আজিম জানান, এই পদে যোগদানের আগে প্রকৌশলী রমানাথ পূজারী রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে কর্মরত ছিলেন। এসময় প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলি পরিপালনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালনা করেছেন।
প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডি আই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে ভারতের জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড (এনটিপিসিতে) যোগদান করেন, এবং ভারতের বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে জানানো হয়।