জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এতে শিশুটির মাসহ আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. জাহিদ (৮)। সে উপজেলার বালিজুড়ী বাজার এলাকার মামুনুর রশিদের ছেলে। শিশুটির মা বীথি আক্তার (৩৫), জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ ফকিরের স্ত্রী সামিরা বেগম (৪০) ও একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী সেলিনা আক্তারকে (৩৫) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহিদের ফুফু তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো বেগম সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজবাড়ীতে মারা যান। তার মৃতদেহ দেখতে জাহিদের পরিবার জামালপুর শহর থেকে মাদারগঞ্জের তেঘরিয়া যাচ্ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস মোড় এলাকা অতিক্রমের সময় অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিশার যাত্রীদের মধ্যে চারজন হতাহত হন।
মাদারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি তাদের হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।