Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ‎আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল: বরিশাল আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন।

‎বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, আজকে আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলে বলে যে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছেন। আইনজীবী সমিতির সভাপতিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

‎বিক্ষোভের সময় আইনজীবীরা ‘সভাপতির মুক্তি, দিয়ে দাও দিতে হবে’, ‘অবৈধ গ্রেফতার, মানি না মানব না’, জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় একটি আদালত। আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎এরপর বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। তারপরই বুধবার দুপুরে সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের ঘটনা ঘটলো। এ সময় সেখানে পুলিশ, ডিবি, র‌্যাব ছাড়া ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

‎কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আইনজীবী নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর