কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এবারের নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী লড়ছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্যসহ অন্যান্য পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩৪ জন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রার্থীরা জানান, নির্বাচিত হলে তারা আইনজীবীদের কল্যাণে কাজ করবেন এবং সমিতির অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে নতুন ভবন নির্মাণে কার্যকর ভূমিকা রাখবেন।
অন্যদিকে ভোটার আইনজীবীরা বলেন, যারা তাদের পেশাগত স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করবেন, দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবেন এবং সমিতির উন্নয়নে আন্তরিক থাকবেন তাদের পক্ষেই রায় দেবেন।