রাজবাড়ী: দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের দিক দিয়ে রাজবাড়ী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩৩জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জানা গেছে, গত ২০২৫ সালের ২৮, ২৯ ও ৩০শে ডিসেম্বর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন ছাত্রের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন ও সাধারণ গ্রেডে পেয়েছে ১৯ জন শিক্ষার্থী।
এছাড়াও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে মোট ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২ জন।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট বৃত্তি পেয়েছে ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২জন।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪ জন শিক্ষার্থী।
অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ৫ জন।
বেলগাছি হাইস্কুল থেকে বৃত্তি পেয়েছে ৪ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১ জন ও সাধারণ গ্রেডে ৩ জন।
বার্থা স্কুল থেকে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১ জন বৃত্তি পেয়েছে। রাজবাড়ীর রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১ জন শিক্ষার্থী।
জানা গেছে, ১৯৪৭ সালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি ছিলো অবহেলিত একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন মো. ইকবাল হোসেন। তারপর প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং তার অক্লান্ত পরিশ্রম ও মেধায় এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের সহযোগিতায় লেখাপড়া, কো-কারিকুলাম, নান্দনিক পরিবেশে বর্তমানে বিদ্যালয়টি জেলার শীর্ষে অবস্থান করছে। বিগত ৫ বছরের এসএসসির ফলাফলে রাজবাড়ী সদর উপজেলার বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১ম স্থান লাভ করে আসছে। বিদ্যালয়টি ২০২৫ সালে রাজবাড়ী জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৪ জন এবং সাধারণ গ্রেডে ১৯ জন সহ সর্বমোট ৩৩ জন বৃত্তি পেয়ে জেলার মধ্যে ১ম স্থান লাভ করেছে।
এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৫ সালে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় জেলা শহরে চ্যাম্পিয়ান হবার পর বিভাগীয় পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিভাগীয় পর্যায়ে স্থান করে নেয়।
এ বিষয়ে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমার স্কুল থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন ও সাধারণ গ্রেডে পেয়েছে ১৯ জন শিক্ষার্থী। রাজবাড়ী জেলার মধ্যে ইয়াছিন উচ্চ বিদ্যালয় ১ম স্থান অর্জন করেছে। এই সাফল্যের কৃতিত্ব আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক মন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীর। তাদের দিক নির্দেশনা ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আশা করছি ভবিষ্যতে যে কোন ফলাফলের দিক থেকে আমরা এগিয়ে থাকবো।
এদিকে ইয়াছিন উচ্চ বিদ্যালয়টির সভাপতির দায়িত্বে রয়েছেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি রাজবাড়ী জেলায় যোগদানের পরপরই বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব নেন। জেলা প্রশাসক বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব গ্রহণের থেকেই বিদ্যালয়ের নানান উন্নয়ন মূলক কাজ সম্পাদিত হয়।