Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৩ দিন পর আলুক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মঞ্জুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলুক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি মঞ্জুরুল। এরপর তার পরিবার তার নিখোঁজ হওয়ার খবর তারাগঞ্জ থানায় জানায় এবং নিজেরাও খোঁজাখুঁজি শুরু করে। তিনদিন পর বৃহস্পতিবার দুপুরে রামপুরা পীরের মাজারের কাছে আলুক্ষেতে উঁচু মাটির স্তূপ দেখে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশটি পায়। পাশের তামাকক্ষেতে জুতা পাওয়া যায়, যা দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে যে লাশটি মঞ্জুরুলের।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, মঞ্জুরুল ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি প্রতিদিনের মতো কাজের জন্য বের হয়েছিলেন। নিখোঁজের পর তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের ধারণা, কোনো অপরাধী চক্র তাকে অপহরণ করে হত্যা করেছে এবং লাশ গুম করার চেষ্টা করেছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার লাশটি মঞ্জুরুলের বলে নিশ্চিত করেছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সন্দেহে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

এ ঘটনা তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ ও অপরাধীদের পরিচয় নিশ্চিত করা যাবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর