নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে আরব আলী, বিউটি, দুলাল, আসিফ, আনসার, লিটন ও হযরতসহ আরও কয়েকজন রয়েছেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব দাবি করেন, এটি দলীয় কোনো সংঘর্ষ নয়, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।