সিলেট: জেলার জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার সিলেট তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত পুলিশ কর্মকর্তা আতিকুর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।
জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান আসামি ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যাওয়ার পথে উপজেলার দরবস্ত এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাক পুলিশ কর্মকর্তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান ও অপর পুলিশ কর্মকর্তা মাসুদ রানা ছিটকে পড়েন।
খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় আতিকুর রহমান মারা যান।
এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। আটকরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।