কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ গৃহস্থালির প্রায় সবকিছুই পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে একটি ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ভয়াবহ আগুনে নন্দীর পাড়া এলাকার জাহাঙ্গীর, ফোরকান, জয়নাল ও ছোটনের পরিবারের বসতবাড়ি পুড়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আরও ১০ থেকে ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারতো। সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোয় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. দিদার বলেন, আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল ও শুকনা খাবার সহায়তা দেন।
আগুনের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।