বগুড়া: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের নিকট থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি। এ ছাড়াও তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
বগুড়া-৬ আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে বগুড়া জেলা বিএনপির সভাপতির মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উৎসবের আমেজ শুরু হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৯ এপ্রিল ভোটগ্রহণ।