Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৩

রাকিবুর রহমান রাজা

নাটোর: নাটোরের গুরুদাসপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী এক বছরের জন্য চন্দ্রপুর তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও রাকিবুর রহমান রাজা। ওইদিন উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাট-বাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ হাজার ৭১৩ টাকা চুক্তিমূল্যে তুলাধূনা হাটের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। এতে ক্ষুব্ধ হন অপর টেন্ডারদাতা রাজা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজা। এ সময় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু অভিযোগ করে বলেন, ‘ইজারা না পেয়ে সবার সামনে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করব।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুর রহমান রাজা। তিনি বলেন, ‘তপুর কাছে আমার এক বছর ধরে ৫ লাখ টাকা পাওনা রয়েছে। সেই পাওনা টাকাই চেয়েছি। প্রশাসনের সামনে চাঁদা চাইব কেন?’

এ বিষয়ে নাটোর জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। বিষয়টি যাচাই করে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। চাঁদা দাবি করার মতো কোনো ঘটনা আমার সামনে ঘটেনি। তবে ক্ষোভের বশে রাজা তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেব’—এমন কথা বলেছেন।’

তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর