Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২২:১৯ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১১:১৪

গাজীপুর শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা

ঢাকা: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামরুজ্জামান মোল্লা নগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তার ঠিকাদারি ব্যবসা ছিল।

জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলাসংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে পুলিশ পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের খবর দেন।

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, আমাদের জানা মতে কারও সঙ্গে তার বিবাদ ছিল না। তবে ব্যবসার কোনো টাকাপয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে।

এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর