Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে মহাসড়কের ঢাকাগামী লেনে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না।

অপরদিকে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) থেকে সড়কে যানের সংখ্যা বাড়তে থাকে। এদিকে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যাত্রীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীমুখী যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এ ছাড়া মহাসড়কের পাশে অবস্থিত পেট্রোল পাম্প গুলোতে যানবাহনের সংখ্যা দীর্ঘ হওয়ায় অনেক সময় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে যমুনাসেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো