Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা, যশোরে চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: নড়াইল সদর উপজেলায় জ্বালানি তেল দিতে না পারায় পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার ঘটনায় ট্রাকচালক সুজাত আলীকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের বাঘারপাড়া থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬, যশোর) সদস্যরা।

র‌্যাব জানিয়েছে, নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ও পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাতে তেল না পেয়ে নড়াইলে তুলারামপুরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুজাত আলী। এক পর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে নাহিদকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর রাত ২টার দিকে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ওই ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার মারা যান। পরে নাহিদের নিহতের খবরে ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে রেখে আত্মগোপনে বাঘারপাড়াতে চলে যান চালক সুজাত আলী।

বিজ্ঞাপন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানিয়েছেন, এরইমধ্যে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকচালককে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৬ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা। সেখানে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন- নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো