Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হামের সংক্রমণ, ৪ শিশু আইসোলেশনে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:৫০

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে গত দুদিনে মোট ৪ শিশু ভর্তি হয়েছে। তাদের আলাদা আইসোলেশন কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আয়েশা সুলতানা জানান, উপসর্গ নিয়ে আসা শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২৩ মার্চ লালমনিরহাটের ৮ মাস বয়সী আমাতুল্লা জান্নাত ও ২৫ মার্চ দিনাজপুরের ৭ মাস বয়সী প্রজ্ঞা রায় ভর্তি হয়। তারা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল, গতকাল থেকে আইসোলেশনে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জের ২ বছর বয়সী আরাফাত ও রংপুরের তাজহাটের ৯ মাস বয়সী সায়েম আহমেদ ভর্তি হয়। তাদেরও আইসোলেশনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরাফাতের মা জয়নাফ আখতার জানান, ‘ঈদের দিন থেকে বাচ্চার গায়ে র‍্যাশ উঠে। পরদিন র‍্যাশ বাড়ে, গলা ফুলে যায়। ডাক্তার টনসিল বলে ওষুধ দেন, কিন্তু গাল ফুলে যায়। জ্বর আসা-যাওয়া করছে। তাই হাসপাতালে নিয়ে আসি।’

সায়েমের নানা আইয়ুব আলী বলেন, ‘দুই-তিন মাস আগে জ্বর হয়েছিল, ঘাড়ে র‍্যাশ দেখা যায়। তিন দিন আগে আবার জ্বর-র‍্যাশ। ক্লিনিক থেকে মেডিকেলে ভর্তি করাই।’

এদিকে রংপুর জেলায় হামের কোনো প্রাদুর্ভাব নেই বলে দাবি করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জেলা সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) আবদুল মালেক। তিনি জানান, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮ উপজেলায় ১২ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে; এখন পর্যন্ত ৪ জনের রিপোর্ট নেগেটিভ।

রংপুর বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিভাগের আট জেলায় হামের সন্দেহভাজন ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ শিশুর হাম এবং ৪ শিশুর রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে (জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল পোলিও-ইএস অ্যান্ড মিজেলস-রুবেলা ল্যাবরেটরির তথ্য অনুসারে)। আক্রান্তদের মধ্যে দুজন ঠাকুরগাঁওয়ের, বাকিরা কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর ও রংপুরের। রুবেলায় আক্রান্ত দুজন করে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের।

রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গাওসুল আজিম চৌধুরী জানান, হাম প্রতিরোধে রমেকে ১০ শয্যাবিশিষ্ট হাম কর্নার চালু করা হয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বিশেষ কর্নার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগে এমআর টিকার কোনো সংকট নেই।

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বেড়েছে। মার্চ মাসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এমআর টিকা (৯ মাস ও ১৫ মাস বয়সে) না নিলে শিশুরা ঝুঁকিতে পড়ে। রংপুরে এখনও নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন ও টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।