রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় রোধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় রুমা পেট্রোল থেকে উদ্ধারকৃত সকল পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মো. হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মো. শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।