পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১) উপজেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন শামীম হাসানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা (ইউএনও) মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানে সেনাবাহিনীর একটি টিমও উপস্থিত ছিল।
অভিযানকালে বাড়ি থেকে ১ হাজার ৬৮৩ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন, ১২০ লিটার পেট্রোল এবং ২৬৩ লিটার কেরোসিন জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ২৬৫ টাকা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত শামীম হাসান কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তার বসতবাড়িতে এসব দাহ্য পদার্থ মজুত করে রেখেছিলেন। অভিযানের সময় তিনি দোষ স্বীকার করলে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের জন্য মঠবাড়ীয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। উদ্ধারকৃত তেলের সমপরিমাণ অর্থ আগামীকাল ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে, দণ্ডপ্রাপ্ত শামীম হাসানকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর জন্য মঠবাড়ীয়া থানার অফিসার-ইন-চার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’