Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ২ যমজ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৯:১১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:২৯

ভূষনা লক্ষণদিয়া অরক্ষিত রেল ক্রসিং

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যমজ শিশু নিহত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া অরক্ষিত রেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের আকাশ শেখের ৫ বছর বয়সী জমজ ছেলে তারিফ ও তাহমিন।

নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন ওই শিশুদের ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, আকাশ শেখ ও লিমা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। আকাশ স্থানীয় একটি কসমেটিক দোকানের কর্মচারী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এর আগেও এই অরক্ষিত রেল ক্রসিং এ ভয়াবহ দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে। রেল ক্রসিংটি সুরক্ষিত করতে রেল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া দরকার।

স্থানীয়দের অভিযোগ, আশপাশের সাত গ্রামের লোকজন এ ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। ট্রেন যাওয়ার সময় হুইসেল বাজায় না। ফলে অধিকাংশ সময় ট্রেন যাওয়া-আসার বিষয়টি বোঝা যায় না। কিছুদিন আগেও এখানে বড় ধরনের দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

মধুখালীর অফিসার ইনচার্জ (ওসি) তাইজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর