Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২০:৫৭

অয়েল অ্যাপের উদ্বোধন

রাজবাড়ী: সারাদেশের মতো রাজবাড়ীতেও চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। এ অবস্থায় বিনা প্রয়োজনে বা অবৈধভাবে একাধিকবার তেল নেওয়া রোধ করতে রাজবাড়ীর পাংশায় ‘অয়েল অ্যাপ’র মাধ্যমে তেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) পাংশা ফিলিং স্টেশনে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক। পাংশার সুগন্ধা ফিলিং স্টেশনেও এ কার্যক্রম একযোগে চলবে।

নতুন এ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ ডিজিটালি সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না। একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাকে দ্রুত চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক এ বিষয়ে বলেন, অ্যাপভিত্তিক এ পদ্ধতির মাধ্যমে একাধিকবার বা বিনা প্রয়োজনে তেল নেওয়ার প্রবণতা কমবে। নিয়ম অমান্য করায় বুধবার সকাল থেকে এ পর্যন্ত ১৪-১৫ জন মোটরসাইকেল চালককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাংশার প্রধান দুটি ফিলিং স্টেশনে আপাতত এ সেবা চালু থাকবে।

রাজবাড়ীর পাঁচটি উপজেলায় মোট ১০টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে পাঁচটি, পাংশায় দুটি এবং কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দে একটি করে পেট্রোল পাম্প রয়েছে।

সারাবাংলা/এইচআই