Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুবদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২১:০২

উদ্ধার ৪ শ্রমিক

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় সমুদ্রে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে চারজন শ্রমিক কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় চার নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজ ‘মেঘনা হোপ’ এ কাজের উদ্দেশ্যে যান। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে কাজ শেষে ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে একই এলাকায় তারা ডাকাতের কবলে পড়েন। এ সময় এমবি লিউ পার্ট-২ নামের একটি জাহাজের এক ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে দ্রুত পদক্ষেপ নেয় সংস্থাটি।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।

উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তাদের বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর