Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে লুণ্ঠিত সোনা বিক্রির টাকাসহ ২ ডাকাত ধরা

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১০:৫৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

গ্রেফতার দুই যুবক আল আমিন ও শাহীন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর সোনার গহনা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে লুণ্ঠিত মালামাল বিক্রির টাকাসহ আমিন ও শাহীন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকায় দোষ স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে, সদর উপজেলার ভবানীগঞ্জ ও রামগতির আলেকজান্ডার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মধ্যম চরমনসা গ্রামের আব্দুস শহীদের ছেলে। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে পুলিশ। শাহীন ওই এলাকার নূর আজমের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৯ মার্চ রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে হানা দিয়ে ৭-৮ জন ডাকাত প্রায় ২৯ ভরি সোনার গহনা, নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে। লুণ্ঠিত সোনার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে পুলিশ অভিযানে নামে। ১৬ মার্চ লুণ্ঠিত ১০ ভরি ৫ আনা সোনা ও তিন লাখ টাকাসহ পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সূত্র ধরে চরমনসা ও আলেকজান্ডার এলাকা থেকে আল আমিন ও শাহীনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সোনা বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেফতাররা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এসআর/ইআ