Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৯:৪৭

কক্সবাজার: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি আলোচিত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রুবেল দেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল দেকে আটক করা হয়। তিনি চকরিয়ার উত্তর ঘনিয়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন দের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারী চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার একটি পার্লারে কাজ করতেন। পরিচয়ের সূত্র ধরে রুবেল দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রথমে তা প্রত্যাখ্যান করলেও একপর্যায়ে কৌশলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন রুবেল।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজের বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তী ২ মাস ধরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুবেল বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা দায়েরের পর থেকেই র‍্যাবের গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় চকরিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর