নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো.অন্তর (২০) নামে এক তরুণের। দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জের তেলের দোকানগুলোতে অকটেন-পেট্রোল সংকট চলছে। বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে বাড়ি থেকে ফেনীর পাম্পের উদ্দেশ্যে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে একটি পিক-আপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও দ্রুত জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।