ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকানপাট ভাংচুরসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজারে ঘণ্টাব্যাপী টস লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রে এ সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য মাইকিং শুরু করে। এ সময় মনসুরাবাদ গ্রামের রাহাত, সাদ্দাম ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে এ ঘটনার সূত্র ধরে খাপুরা গ্রামের ছেলেরা মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে।
জিন্নাতকে মারধরের খবর মনসুরাবাদ গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে খাপুরা গ্রামের লোকজনকে ধাওয়া করে। পরে খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের লোকজন একত্র হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে চার গ্রামের ৩০ জন লোক আহত হয়েছে। এ সময় মনসুরাবাদ বাজারে প্রায় ১০টি দোকানে ভাংচুরও চালানো হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন খান বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে অত্র এলাকার চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।’