চুয়াডাঙ্গা: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় গরমের সময় প্রচন্ড গরম আর শীতের সময় হাড়কাঁপানো শীত অনুভূত হয়। কয়েকদিন আগেও শীতের প্রভাব ছিল। কিন্তু গত ৩ দিন হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ জেলায় বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অসহনীয় গরম অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ, এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। ওই দিন বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। এ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করছে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এ রকম আবহাওয়ার কারনে গোটা জেলায় অস্বস্তি বিরাজ করছে।