গাইবান্ধা: রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় বাসের ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক দম্পতির দু’জনই নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র নয়ারহাট এলাকার বাসিন্দা আনিসুর রহমান (৫৫) ও তার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে রংপুর যাওয়ার পথে রংপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনিসুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় আফিয়া বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার (৩ এপ্রিল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
স্বামীকে দাফন সম্পন্ন করা হলেও মালয়েশিয়া প্রবাসী ছেলের অনুরোধে মায়ের মরদেহ এখনও দাফন করা হয়নি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে দেশে ফিরছেন তিনি। এ কারণে বাড়ির উঠানে মরদেহ রাখা হয়েছে।
এদিকে, গ্রামাঞ্চলে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পরিবারটি বিপাকে পড়লে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’। সংগঠনটির সদস্যরা তাদের একমাত্র ফ্রিজিং কফিন সরবরাহ করে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করে।
সংস্থাটির সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু বলেন, ‘একটি কফিন দিয়ে পুরো জেলায় সেবা দেওয়া কঠিন। তবুও আমরা চেষ্টা করি, কোনো সন্তান যেন তার বাবা-মায়ের মুখ শেষবারের মতো দেখা থেকে বঞ্চিত না হয়।’
ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। প্রবাসী ছেলে দেশে ফিরলেই দাফন সম্পন্ন করা হবে।’