Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৯:২৮

লক্ষ্মীপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলেদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জেলেদের সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে এই মুহূর্তের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে মন্ত্রণালয়।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সবার খোঁজখবর রাখেন। আপনারা পর্যায়ক্রমে সবাই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন, কেউ এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। জেলেদের তালিকাভুক্তির কাজ চলছে; যারা এখনো বাদ পড়েছেন, তাদের দ্রুত এই তালিকার আওতায় আনা হবে।’

প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘বর্তমানে আমরা ৪০ হাজার পরিবারকে সরকারি সহায়তার আওতায় এনেছি। অতীতে এই সহায়তায় শুধুমাত্র চাল দেওয়া হলেও, বর্তমান প্রকল্পের আওতায় খাদ্যসামগ্রীর পরিধি বাড়ানো হয়েছে। এই বিশাল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের প্রায় ২৪ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।

তিনি সহায়তার বিবরণ দিয়ে জানান, দুই মাসের জন্য প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ১০ লিটার তেল, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইতোমধ্যে ৮০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে এবং আরও ৮০ কেজি চাল পর্যায়ক্রমে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘জেলেদের আগের তালিকায় অনেক ত্রুটি ছিল, যা আমরা নতুন করে প্রণয়ন করেছি। অতীতে চাল বিতরণে দুর্নীতির অভিযোগ থাকলেও এবার আমরা সার্বক্ষণিক তদারকি করছি। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকার।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন।

এ ছাড়াও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর