গাইবান্ধা: ‘প্রেস ক্লাবের সদস্য না হলে কেউ সাংবাদিক হতে পারে না’— এমন অদ্ভুত দাবি তুলে আলোচিত গাইবান্ধার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু এবার নিজেকে স্যার সম্বোধন করতে বললেন।
শনিবার (৪ মার্চ) স্থানীয় এক গণমাধ্যমকর্মী পাম্পের তেলের বিষয়ে জানতে মুঠোফোনে ভাই সম্বোধন করলে তিনি বলেন, আমি কারও ভাই নই, আমাকে ভাই ডাকবেন না, তথ্য জানতে চাইলে আগে স্যার বলুন।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন হাসনা অ্যান্ড হেনা ফিলিং স্টেশনে পেশাগত দায়িত্ব পালনকালে আনোয়ার আল শামীম নামে এক সাংবাদিক তার তোপের মুখে পড়েন। ওই সময় তিনি বলেন যে, ‘প্রেস ক্লাবের সদস্য না হলে কেউ সাংবাদিক হতে পারে না’।
এ বিষয়ে আজ সকালে সাংবাদিক সোহাগ আরেফিন তাকে মুঠোফোনে কল দিয়ে ভাই সম্বোধন করলে তিনি রেগে গিয়ে নিজেকে স্যার সম্বোধন করতে বলেন।
এদিকে এসিল্যান্ডের একের পর এক সাংবাদিক বিদ্বেষী মনোভাবের সমালোচনায় ক্ষোভে ফুঁসছে গাইবান্ধার গণমাধ্যমকর্মীরা । এ বিষয়ে দ্যা বিজনেস স্ট্যান্ডডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম বলেন, ‘ভাই বলে ডাকা অসন্মান বা অসৌজন্যমূলক আচরণ নয়। তিনি যে আচরণ করেছে সেটি খুবই দুঃখজনক।’