বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মিলন হাওলাদার (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পারিবারিক বিরোধের জেরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই এলাকার প্রয়াত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, মিলনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এর জেরে এদিন দুপুরে শ্বশুরবাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মায়ের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হোসেন বলেন, বেলা ৩টার দিকে মিলনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম বলেন, মিলনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।