কক্সবাজার: জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে হাত কেটে পঙ্গু করে দেওয়া এবং একটি চোখ উপড়ে নেওয়ার চাঞ্চল্যকর মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (৫ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে কুতুপালং ক্যাম্প ও এর পার্শ্ববর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- আরেফা বেগম, দিল কায়েস ও শমসু আলম।
র্যাব জানায়, গত বছরের ১৬ জুলাই কুতুপালং ক্যাম্পে এক নারীকে অমানবিক ও নৃশংসভাবে আক্রমণ করা হয়। এ সময় তার ২ হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং একটি চোখ উপড়ে ফেলা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হলে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।