Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলায় সংবাদ প্রকাশের পর মৎস্য অভয়াশ্রমে অভিযান, অবৈধ জাল ধ্বংস

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৮:৫৮

অবৈধ জাল ধ্বংস করা হচ্ছে।

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীর ভেড়ামারা ব্রিজ পয়েন্টে অবস্থিত মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে মাছ নিধনের সংবাদ প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়েছে মৎস্য অধিদফতর। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে স্বস্তি, প্রশংসা কুড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর তিনটায় গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার। এসময় গাইবান্ধা সদর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে অভয়াশ্রম এলাকায় ব্যবহার করা চারটি চায়না দুয়ারি জাল ও ঝাঁট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এসব জাল দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এলাকায় মাছ শিকার করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর একটার দিকে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেটে ‘ অভয়াশ্রমে মাছ নিধনের মহোৎসব ‘ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি মৎস্য বিভাগের নজরে আসায় তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

অভয়াশ্রমে অভিযান চালানো হচ্ছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভয়াশ্রমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

অভিযানের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, ‘অভয়াশ্রমে কোনো ধরনের অবৈধ মাছ শিকার বরদাস্ত করা হবে না। আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অন্যদিকে, এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, ‘সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অভয়াশ্রমের কার্যকারিতা ফিরে আসবে বলে আমরা আশা করছি।’

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হলে অভয়াশ্রমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত হবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে।