Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, মায়ের ঘরে আগুন দিল ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ২২:৩৬

নীলফামারী: জেলা সদরের টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর আলম মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন নুর আলম। এ নিয়ে পরিবারে উত্তেজনা চলছিল। ঘটনার দিন বিকেলে বিরোধ চরম আকার ধারণ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর আলম তার মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন পরিবার ও স্থানীয়রা।

আগুন লাগার পর দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার সময় বৃদ্ধা মা ভুক্তভোগী নুরজাহান বেগমের আহাজারিতে এলাকাবাসী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত, যা তার আচরণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে বিষয়টি জানা মাত্র পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।