খুলনা: খুলনায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে একটি নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকেলে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০) এবং মুকেন্দ মন্ডল (৪২) এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, দুপুরে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একজনকে পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দুই জন এখনও নিখোঁজ রয়েছে।
কয়রা থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিনজন জেলে। বিকেলে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন উঠে এলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান চলমান রয়েছে।