Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ০২:৪৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১০:৪০

সংঘর্ষ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার দুই গ্রামে পৃথক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আসরও ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহতরা হলেন- রফিনগর গ্রামের গিয়াস (৫০) ও সাদিরপুর গ্রামের আহাদ নুর (২৭)। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে ট্রলি নিয়ে যায় একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। এ নিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)সহ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

আরেকটি সূত্র জানায়, প্রায় একই সময়ে রফিনগর গ্রামের আশরাফ উদ্দিনের পক্ষের একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের শফিক মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন (৬০) মারা যান। এ সময় আহত হন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)সহ বেশ কয়েকজন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর