Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী, ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১১:১৪

আবিদুর রহমান সোহেল।

ঢাকা: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিজের ভোট দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় আবিদুর রহমান সোহেল বলেন, “ইনশাআল্লাহ, যদি সুষ্ঠু ভোট হয় তবে আমি বিপুল ভোটে জয়ী হবো। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে সংস্কৃতি আমরা দেখে আসছি, বগুড়াও তার বাইরে নয়।

এ সময় তিনি বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, বিভিন্ন জায়গায় কৃত্রিম অরাজকতা বা ‘মব’ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। গত রাতে জামায়াতের এক কর্মীকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ভোটের ফলাফল পরিবর্তনের জন্য কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সোহেল আরও বলেন, আমরা চাই দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী প্রার্থী আসনটি ছেড়ে দেয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, রেজাউল করিম বাদশা (বিএনপি – ধানের শীষ), আবিদুর রহমান সোহেল (জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা), আল আমিন তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি – ফুলকপি)।

বগুড়া-৬ এ আসনে ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

‎এদিকে, এ নির্বাচনী আসনে নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাব ১০টিম (৭০ জন), পুলিশ এক হাজার ৩২৭ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৯৯০ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর