টাঙ্গাইল: প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সখিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের (নরেশ ভাঙ্গা) জোড় খালে খনন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, সখিপুর প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির, উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন, ইউসিসিএ লিমিটেড-এর চেয়ারম্যান ফরহাদ ইকবাল, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান খান রবিনসহ অনেকেই।
স্থানীয় কৃষক সবুর মিয়া বলেন, ‘এই জোড় খালে একসময় সারাবছর পানি থাকতো। আমরা খালের পানি দিয়েই চাষাবাদ করতাম। খাল ভরাট হয়ে যাওয়ায় এখন খেতে পানি দেই ডিপ কল থেকে। এই খালটি আবার খনন করা হলে খালের পানি দিয়ে আবাদ করতে পারবো, আবার খরচও কমবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের অধীনে ৫১ লক্ষ টাকা ব্যয়ে জোড় খালের ৩ কি.মি. খনন করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি বলেন, ‘সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের শতবর্ষী প্রাচীন এই জোড় খাল এখন মৃতপ্রায়। খালের গভীরতা কমতে কমতে এখন প্রায় বিলীন হওয়ার পথে। আবাদী জমিতে পরিণত হয়েছে পুরো খাল। খালটি খননের মাধ্যমে শত শত কৃষক উপকৃত হবে।’