Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ডিপো মালিকের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:০৩

অভিযানের সময়কার চিত্র।

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অনিয়মিত বিতরণের অভিযোগে এক ডিপো মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০০ লিটার পেট্রোল জব্দও করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাঁট ভরতখালী এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিপো মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই তেল বিতরণ এবং অবৈধভাবে পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ সূত্রে আরও জানা যায়, অভিযানে তাৎক্ষণিকভাবে তাকে ১ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে জব্দ করা তেল ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে ভোক্তাদের মাঝে বিতরণ করে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার হাসানুর রহমান জানান, ডিপো মালিক তাকে তেল আনার বিষয়ে অবহিত করেননি।

ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির বৈধ পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে, গত ২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অভিযোগে ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর