টাঙ্গাইল: জেলার বাসাইলে ঝিনাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন দক্ষিণপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদ।
অভিযানের বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)-এর ৪(ক)১৫ ধারায় একটি মামলায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।