Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৬

হাম রোগের প্রতীকী ছবি।

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শামীম নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটির পরিচালক আইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে শিশু শামীমকে নিয়ে তার বাবা-মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে বৃহস্পতিবার সকালে শিশুটি কিছুটা সুস্থ হয়েছে ভেবে তার পরিবার তাকে নিয়ে পুনরায় ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে শিশুটির তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে আবারও হাসপাতালে এনে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তবে শামীমের স্বজনদের অভিযোগ, খুলনা মেডিকেলে ভর্তির পর চিকিৎসায় ছিল চরম অবহেলা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবিকারা সময়মতো শিশুটির খোঁজ নেননি। প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেওয়া হয়নি। তাদের দাবি, এ অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতালে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হাসপাতাল পরিচালক আইনুল ইসলাম বলেন, হামের কারণেই শামীমের মৃত্যু হয়েছে এমনটা নিশ্চিত নয়। তার টনসিল ও ব্রংকাইটিস রোগের উপসর্গ ছিল। বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট শুরু হলে তার বাবা-মা তাকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর